ইত্তেফাক রিপোর্ট
সাভারে সদ্য সাবেক এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বরকত উল্লাহর বাবার নাম আহসান উল্লাহ। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, খাগড়াছড়ি পুলিশ লাইনে কনস্টেবল পদে চাকরি করতেন বরকত। মানসিক অসুস্থতাজনিত কারণে গত মাসে চাকরি থেকে অব্যাহতি পান তিনি। এরপর থেকে তিনি সাভারের নিজ বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, হতাশা ও মানসিক অসুস্থতার কারণে সাবেক ঐ পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। তবে আমরা বিষয়টি তদন্ত করছি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।