নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় চার্জশিট আগামী সপ্তাহে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অভিযোগপত্র আগামী সপ্তাহেই দাখিল করা হবে বলে জানা গেছে। অভিযোগপত্র দাখিলের তদন্ত ও প্রমাণ সংগ্রহের সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জের বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন। তিনি জানান, ‘আমরা চাই আগামী সপ্তাহের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করতে। কিন্তু সরকারি কর্মকর্তা হলে অনুমোদন নিতে হয়। এ অনুমোদন নিতে যত দেরি হয়। তার পরই আমরা চার্জশিট দাখিল করব। আমরা এমনভাবে চার্জশিট তৈরি করেছি যাতে ভবিষ্যতে গাফিলতির কারণে এতো মানুষের প্রাণহানি না হয়। এটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে।’

এরই মধ্যে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সিআইডি মসজিদ কমিটির সভাপতি, তিতাসের আট কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যুত্ বিভাগের দুই জনসহ ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সবাই বর্তমানে জামিনে আছেন।