আজ রাতেই নদী-সাগরে নামতে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি

আজ বুধবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে মা-ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা। রাতেই নদী ও সাগরে নামার প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত জেলেরা। দেশের দক্ষিণাঞ্চলের নদী ও সাগরপাড়ের চিত্র এখন শুধু নৌকা ও জাল প্রস্তুতের।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় গিয়ে দেখা গেছে, সারি সারি অপেক্ষমাণ নৌকার বহর। হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনাপাড়ে জেলেপাড়াগুলোতেও ছিল একই চিত্র। সাগরপাড়ের বরগুনা জেলার তালতলী ও আমতলী, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর, কুয়াকাটা, গলাচিপা, রাঙ্গাবালীর জেলেরাও ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারা জানান, নিষেধাজ্ঞার এই সময়ে মাছ শিকার করেননি তারা। সংসারে অভাব-অনটন প্রকট আকার ধারণ করেছে। তাই রাত থেকেই সাগরে কিংবা নদীতে নামতে হবে তাদের।

মত্স্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বরিশাল বিভাগের ছয় জেলায় তালিকাভুক্ত জেলের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার। এর বাইরেও রয়েছেন হাজারো জেলে। ২০০৪ সাল থেকে দেশে জাটকা রক্ষা কার্যক্রম শুরু হলে ইলিশ উত্পাদন বৃদ্ধি পেতে থাকে। ২০০৮ সাল থেকে ১১ দিন ইলিশ নিধনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তী সময়ে গবেষণায়         দেখা যায়, অমাবস্যাতে প্রচুর মা-ইলিশ ধরা পড়ে। তাই অমাবস্যা এবং পূর্ণিমার আগে-পড়ে মিলিয়ে মোট ২২ দিনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় সরকার। এর সুফল হিসেবে ২০০৮-০৯ সালে ইলিশ উত্পাদন বেড়ে প্রায় ৩ লাখ হাজার মেট্রিক টন এবং ২০১৮-১৯ সালে তা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার টন হয়।

বরিশাল জেলা মত্স্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, এবারের ইলিশ রক্ষায় কঠোর অভিযান পরিচালিত হওয়ায় উত্পাদন আরো বাড়বে বলে তিনি আশাবাদী।

মত্স্য কর্মকর্তারা জানান, গতকাল মঙ্গলবার মেঘনা, আড়িয়াল খাঁ, গজারিয়া ও কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে দেখা গেছে, সন্তোষজনক ডিম ছেড়েছে মা-ইলিশ।

নিষেধাজ্ঞার সময় অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য জানান, অভিযানের সময়সীমা আরো কিছুদিন বাড়ানো হলে যেসব মা-ইলিশ এখনো ডিম ছাড়তে পারেনি, তার অধিকাংশই ডিম ছাড়ত। ৪০ ভাগ মা-ইলিশ ডিম ছাড়লে মিঠা পানির ইলিশের প্রাচুর্য আরো বেড়ে যেত।

বরিশাল বিভাগীয় মত্স্য অধিদপ্তরের উপপরিচালক আনিচুর রহমান জানান, নিষেধাজ্ঞা চলাকালে ২০৮টি মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ২০২টি অভিযান পরিচালিত হয়। এ সময় ১ হাজার ৮৪টি মামলায় ৯৮০ জন জেলেকে কারাদণ্ড এবং ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ৭১ লাখ মিটার জালসহ ৮ দশমিক ৮৮ টন মা-ইলিশ জব্দ করা হয়েছে।