রামপাল তাপবিদ্যুত্ কেন্দ্রের সঞ্চালন লাইনের কর্মরত শ্রমিকরা বকেয়া পাওনার দাবিতে আন্দোলন শুরু করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে শত শত শ্রমিক ও সাপ্লাইয়ার এ প্রকল্পের কাজ বন্ধ করে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। খুলনার বটিয়াঘাটা উপজেলার মল্লিকের মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে শ্রমিকরা বকেয়া টাকা না পেলে এ প্রকল্পের কাজ শুরু করতে দিবে না বলে জানান।
বটিয়াঘাটার কচুবুনিয়ার রিভার ক্রসিং টাওয়ারের চলমান কাজ স্থানীয় শ্রমিকরা মজুরির বকেয়া টাকা না পেয়ে বন্ধ করে দেন। রামপাল তাপবিদ্যুত্ কেন্দ্রটি দেশের কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণে প্রথম মেগা প্রকল্প। বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুত্ কোম্পানি কেন্দ্রটি নির্মাণ করছে।
শ্রমিকরা জানান, বিদ্যুত্ সরবরাহের সঞ্চালন লাইন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএমসির কাছে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর পাওনা প্রায় সাড়ে ১১ কোটি টাকা। এ টাকা না পাওয়ার কারণে শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে পারছে না স্থানীয় ঠিকাদাররা। নির্মাণকাজ শেষ না করেই বাংলাদেশ ছেড়ে পালিয়েছে ঐ কোম্পানি। ব্যাংকে জমা থাকা পারফরমেন্স গ্যারান্টির টাকাও তুলে নিয়েছে তারা। এ কারণে প্রকল্পটির বাস্তবায়ন কাজ দুই বছরেরও বেশি সময় পিছিয়ে গেছে। ঐ কোম্পানির কাছ থেকে কাজ নিয়ে বাংলাদেশের যে ঠিকাদাররা কাজ করছিলেন তারাও পথে বসেছেন। দেশীয় ছোট ছোট চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১ কোটি টাকা বকেয়া পড়েছে।