১২ গুণ বেশি দামে বৈদ্যুতিক পাম্প ক্রয়

চট্টগ্রাম শিকলবাহা বিদ্যুেকন্দ্রের জন্য ১২ গুণ বেশি দামে বৈদ্যুতিক পাম্প কেনার মাধ্যমে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান প্রকৌশলীসহ (উত্পাদন) ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—মেসার্স পাওয়ার টেক ইন্টারন্যাশনালের মালিক আব্দুল আলীম, শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুেকন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ভুবন বিজয় দত্ত, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড, রাজশাহীর প্রধান প্রকৌশলী (উত্পাদন) এ এইচ এম কামাল, নকশা ও পরিদর্শন পরিদপ্তর-১-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী তোফাজ্জেল হোসেন, পিডিবির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ এবং চট্টগ্রাম বিদ্যুেকন্দ্রের উপব্যবস্থাপক (নির্বাহী প্রকৌশলী) মিজানুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা প্রতারণামূলকভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০১৬ সালে চট্টগ্রাম শিকলবাহা বিদ্যুেকন্দ্রে         এলসির বিপরীতে ২ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার বা ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার টাকায় বৈদ্যুতিক মোটর ক্রয় করে। অথচ দুদকের অনুসন্ধানে দেখা যায়, পাম্পটির প্রকৃত বাজারমূল্য ৩০ হাজার ৮১ মার্কিন ডলার বা ২ লাখ ৪৯ হাজার ৫৬১ টাকা।