কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা

১৮ বছর পর শুরু হচ্ছে মামলার বিচার কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার ১৮ বছর পর আবারও বিচার শুরু হচ্ছে। আজ বুধবার সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক হুমায়ুন কবীরের আদালতে বাদী সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলবে। উচ্চ আদালতের নির্দেশে ৯০ দিনের মধ্যে এই মামলার বিচারিক কার্যক্রম শেষ করে রায় ঘোষণার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তত্কালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে এক ধর্ষিতাকে দেখতে আসেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা চালায় বিএনপি ও জামায়াত জোটের নেতাকর্মীরা। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম    উদ্দীন বাদী হয়ে উপজেলা যুবদলের সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৭০/৭৫ জনের নামে আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে এক যুগ পর ২০১৪ সালে কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। এরপর ২০১৫ সালের ১৭ মে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের নাম উল্লেখসহ ৩০ জনকে সাক্ষী করে সম্পূরক অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ সফিকুর ইসলাম।