নাটোরের হাসপাতালে শিশু মৃত্যু, চিকিত্সকের বিরুদ্ধে মামলা

নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগে গলায় ভুল অস্ত্রোপচারে আরিফুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত সোমবার নাটোর আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। আরিফুল ইসলাম বড়াইগ্রাম উপজেলার কলাকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং চকতেবাড়িয়া দিঘলীপাড়ার কৃষক খোদা বক্সের ছেলে।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বাঁশি বাজানোর সময় বাঁশিটি আরিফুলের গলায় আটকে যায়। দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জরুরি ওয়ার্ডে শিশুটির গলায় অস্ত্রোপচার শুরু করেন। এতে আরিফের মৃত্যু হয়। পরিবারের লোকজনের অভিযোগ, চিকিত্সকের ভুল সিদ্ধান্ত, অপারেশন থিয়েটারে না নেওয়া এবং চিকিত্সকের অবহেলার কারণে তাদের সন্তানের মৃত্যু হয়েছে।

সদর হাসপাতালের আরএমও ডা. মুনজুর রহমান জানান, এ পরিস্থিতিতে পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। এত বড় ঝুঁকি এই পরিবেশে নেওয়া ঠিক হয়নি। সদর হাসপাতালের সহকারী উপপরিচালক ডা. আনছারুল হক বলেন, অভিযুক্ত ডাক্তারের সাক্ষাত্কার নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

নাটোর সদর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।