ভাঙারির দোকানে বিস্ফোরণে আরো দুই জনের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ভাঙারির দোকানে গত ২৭ অক্টোবর পরিত্যক্ত বোতল ভাঙার সময় বিস্ফোরণে দগ্ধ দোকান কর্মচারী আমির হোসেন (২৭) ও সাইদুর রহমান (৩৩) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার একই ঘটনায় আহত ফারুক হোসেন (৩৭) মারা যান। এ নিয়ে বিস্ফোরণে আহত সাত জনের মধ্যে তিন জন মারা গেলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল গতকাল জানান, আমিরের শ্বাসনালিসহ শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। গতকাল বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়েছে। এর আগে সকাল ৮টার দিকে মারা যান সাইদুর রহমান। তার শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। সাইদুরের বাড়ি গাইবান্ধার গোবিন্দপুর উপজেলায়। স্ত্রী ও এক সন্তান নিয়ে বসিলা এলাকাতে থাকতেন। আহত দোকান মালিক আব্দুল আলিম (৫০) এখনো হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।