রাণীশংকৈলে রাস্তা মেরামতের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মাদরাসা মোড়ে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে ৪ শতাধিক স্থানীয় দোকানদার ও এলাকাবাসী টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। 

সরেজমিনে গিয়ে জানা যায়, পৌরশহরের বড় মসজিদ থেকে গোগর চৌরাস্তা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা মেরামতের কাজটি সড়ক ও জনপথ বিভাগের টেন্ডারে মাহিউদ্দিন বাশির এন্টার প্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। এ ঠিকাদার বছর খানেক আগে ঐ রাস্তার পিচ তুলে কিছু পাথর ও বালি ফেলে কাজ বন্ধ রেখে চলে যায়। এতে করে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে, জনদুর্ভোগ বেড়ে যায়। রাস্তাটিতে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা ঘটতে থাকে। এছাড়াও রাস্তার ব্যাপক ধুলা-বালি দু'পাশে ছড়িয়ে পড়ে ফসলের, দোকান ব্যবসায়ীদের ও বাড়ি ঘরের প্রচুর ক্ষতি হয়।

এর প্রেক্ষিতে এলাকাবাসী ও স্থানীয় দোকানদারা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। 

এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার ও ম্যানেজার নজরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ রাস্তার সরকারি বরাদ্দকৃত টাকার কোন বিল আমরা এখনো পাইনি। তবুও কাজটি আমরা  প্রতিষ্ঠানের টাকায় করার চেষ্টা করছি।

আরো পড়ুন: চান্দিনায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ

রাস্তা মেরামতে এত দেরি হচ্ছে কেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজটির সময়সীমা তো ডিসেম্বর পর্যন্ত আছে, তবে আগামী একমাসের মধ্যে আমরা কাজটি শেষ করে ফেলবো। 

এদিকে, বিক্ষোভকারীদের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিন ও বাবুল হোসেন বলেন, বছর খানেক ধরে এ রাস্তাটির নাজেহাল অবস্থার জন্য এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।

ইত্তেফাক/এএএম