বিনোদন রিপোর্ট
করোনার পর দীর্ঘ বিরতির পর আবারো সচল হচ্ছে ঢাকাই ইন্ডাস্ট্রির শুটিং। এরইমধ্যে প্রায় সবাই ব্যস্ত নতুন সিনেমা নিয়ে। এরইমধ্যে একটি সিনেমার শুটিং করছেন চিত্রনায়ক মামুনুন হাসান ইমন। ‘বীরত্ব’ শিরোনামে এই সিনেমার শুটিং সম্প্রতি রাজবাড়ী ও ফরিদপুরের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে। এরপর ঢাকায় ফিরেছেন ইমন। রাজবাড়ীতে দৌলতদিয়ার যৌনপল্লী, ফেরিঘাট, গোয়ালন্দ এবং রাজবাড়ীর বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে। ইমন বলেন, ‘প্রতিটি সিনেমা একটি সম্ভাবনা থেকে কাজ করি। কখনো সেই সম্ভাবনা অনুযায়ি কাজটি হয়, কখনো হয় না। কিন্তু সিনেমা অনেক বাস্তব অভিজ্ঞতা দিয়েছে। ‘বীরত্ব’ সিনেমাটির কথা এজন্য বলতে হয়, কারণ এমন লোকেশনে এর আগে শুটিং হয়নি। এমন অভিজ্ঞতা কখনো হবে কি-না জানি না।’
‘বীরত্ব’ সিনেমায় চিকিত্সক চরিত্রে দেখা যাবে ইমনকে। তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা সালওয়া।
জানা যায়, এই সিনেমা জন্য দৌলতদিয়ায় থাকতে হয়েছে ইমনকে।
করোনার এই সময় শুটিং নিয়ে ঝুঁকির কথা বলছেন অনেকে। ইমন সেই অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন আমাদের কাজ বন্ধ ছিল। প্রয়োজনীয়তা থেকে আবারো শুটিং শুরু হয়েছে। সিনেমার ইউনিট যেহেতু বড় থাকে তাই দূরত্ব বজায় রাখা সবসময় হয় না। তবে স্বাস্থ্যবিধি মেনে সকলকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে।’
ইন্ডাস্ট্রির অবস্থা সম্পর্কে তিনি আরো বলেন, ‘বিভিন্ন সংকটের মাধ্যমে আমাদের সিনেমা এগিয়ে যাচ্ছে। কিন্তু মহমারির জন্য পুরো বিশ্বের মত থমকে যেতে হয়েছে। এত বড় ধাক্কা থেকে আবারো সবাই ঘুরে দাঁড়াচ্ছেন। একটু সময় লাগবে। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের সবার প্রচেষ্টায় সিনেমার অবস্থা আবারো ভালোর দিকে যাবে।’