‘ক্রিমসন কাপ’ প্রিয়দর্শিনীর সঙ্গে

মা হ মু দু ল  আ মি ন

 

প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন ছিল গত ৩ নভেম্বর। জন্মদিনের প্রথম প্রহর শুরু হওয়ার আগে রাজধানীর গুলশানে গাজী মাজহারুল আনোয়ারের ছেলে শরফরাজ আনোয়ার উপলের আমেরিকান কফি চেইন ‘ক্রিমসন কাপ’ প্রিয়দর্শিনীর খুব কাছের কিছু মানুষকে নিয়ে জন্মদিনের প্রথম প্রহর সেলিব্রেশন করা হয়। প্রথম প্রহরের সেলিব্রেশনে উপস্থিতি ছিলেন মৌসুমীর স্বামী এবং মৌসুমীর অনেক সিনেমার নায়ক সুপারস্টার ওমর সানী, মৌসুমী অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’র পরিচালক সোহানুর রহমান সোহান, চিত্রনায়ক অমিত হাসান ও তার স্ত্রী লাবনী, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, চলচ্চিত্র পরিচালক মুশফুিকর রহমান গুলজার, জাহিদ হোসেন শোভন, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের কোষাধ্যক্ষ মাহমুদুল হক পলাশ সহ আরো অনেকে। রাত নয়টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ‘ক্রিমসন কাপ’-এ অল্প পরিসরে কিন্তু বর্ণাঢ্যভাবে সময়টাকে আনন্দঘন করে রাখার চেষ্টা করেন সবাই। ‘ক্রিমসন কাপ’র কর্ণধার শরফরাজ আনোয়ার উপল বলেন, ‘আমার আব্বুর পরিচালনায় শ্রদ্ধেয় মৌসুমী আপু স্নেহ, ক্ষুধা, উল্কা, পরাধীন, আর্তনাদ, জীবনের গল্প, এই যে দুনিয়া, পাষাণের প্রেম সিনেমায় অভিনয় করেছেন। যে কারণে মৌসুমী আপুর সঙ্গে আমাদের সম্পর্কটা পারিবারিক। আমার আব্বু তাকে মেয়ের মতোই স্নেহ করেন। তার জন্মদিনে তাকে কিছুটা সময়ের জন্য আমরা পেয়েছি, তাতে সত্যিই আমরা আনন্দিত। আমার ক্রিমসন কাপে আসার জন্য মৌসুমী আপু, সানী ভাই সহ প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ।’ মৌসুমী বলেন, ‘সবাইকে একসঙ্গে দেখে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ উপল ও অভি মঈনুদ্দীনকে এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য। ধন্যবাদ যারা আমাকে সারপ্রাইজ করতে এসেছিলেন। নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ সময়ের মধ্য থেকে আমাকে সময় দেওয়ার জন্যও কৃতজ্ঞতা।’ ওমর সানী বলেন, ‘উপল আমার ছোট ভাইয়েরই মতো। তার এই আয়োজন বেশ গুছানো এবং পরিপাটি ছিল। আমরা সবাই মিলে সময়টাকে ভীষণ উপভোগ করেছি। মৌসুমীর জন্মদিনের শুরুটা অনবদ্যভাবেই হলো।’