শুক্রবার প্রাচ্যনাটের ‘পুলসিরাত’র মঞ্চায়ন

মা হ বু ব  আ ল ম

 

রাজধানীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘পুলসিরাত’। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপন্যাস ‘মেন ইন দ্য সান’ অবলম্বনে এটি অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। মহাকাল নাট্যসমপ্রদায় আয়োজিত ‘বাংলা নাট্যউত্সব’-এ স্বাস্থ্যবিধি মেনে এই নাটকটি মঞ্চায়িত হবে। নাটকের গল্পে দেখা যাবে— আবু কায়েস তার দুই সন্তান ও এক স্ত্রী রেখে বন্ধুর পরামর্শে স্বচ্ছল জীবনের আকাঙ্ক্ষা নিয়ে কুয়েত পাড়ি দিতে চায়। তার স্বপ্ন—তার সন্তানেরা স্কুলে পড়াশোনা করতে পারবে। বয়সের কারণেই হোক বা চরিত্রগত বৈশিষ্ট্যই হোক— স্বভাবে বেশ নরম ও কিছুটা ভীতু স্বভাবের আবু কায়েস। আর তার ঠিক বিপরীত চরিত্রের আসাদ। বয়সে সে তরুণ। কিছুটা রাগী এবং স্বভাবে বেশ কৌশলী। সে এর আগেও সীমান্ত পার হয়ে অবৈধ পথে কুয়েত যেতে চেষ্টা করেছিল। নিশ্চিত ও উন্নত ভবিষ্যত, চাচাতো বোনকে বিয়ে করার স্বপ্ন আর চাচার করা অপমান তাকে যুগপত্ তাড়িত করে। অন্যদিকে ষোল বছরের মারওয়ান স্কুলের পড়াশোনা ছেড়ে নিজের পরিবারের দায়িত্বের চাপে পাড়ি দিতে চায় স্বপ্নের কুয়েতে। তার বড়ভাই কুয়েত থাকে। সেখানে সে কাজ করে দেশে পরিবারের জন্য টাকা পাঠাত। কিন্তু বিয়ে করে টাকা পাঠানো বন্ধ করে দেয়। তার বাবা সন্তানদের ভরণ-পোষণে অপারগ হয়ে নিজের স্বচ্ছল জীবনের স্বপ্ন পূরণে এক পঙ্গু মহিলাকে বিয়ে করে আলাদা হয়ে যায়। মারওয়ান তাই পরিবারকে বাঁচাতে অর্থ উপার্জনের স্বপ্ন নিয়ে পাড়ি দিতে চায় কুয়েত।

তারা সবাই-ই ঘটনাক্রমে আবুল খাইজুরানের শরণাপন্ন হয়। আবুল খাইজুরান একজন পানিবাহী  ট্যাঙ্ক লরির ড্রাইভার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে ব্রিটিশ বাহিনীর হয়ে যুদ্ধ করেছে। আবার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গেও কাঁধ মিলিয়ে লড়াই করেছে। সেখানে একবার আকস্মিক হামলায় সে বোমা বিস্ফোরণের শিকার হয়। এই আবুল খাইজুরান কায়েস, আসাদ আর মারওয়ানকে স্বপ্নের কুয়েত পর্যন্ত নিয়ে যেতে এগিয়ে আসে। বিনিময়ে সে তিন জনের কাছ থেকে দশ দিনার করে নেবে। তার পানিবাহী লরিতে করে সে সীমান্ত পাড়ি দিবে তিন জনকে নিয়ে। খাইজুরানের জন্য সেটা কষ্টকর কিছু না। আগস্ট মাসের প্রচন্ড গরমে, রোদে পুড়ে মরুভূমির পথে লরিটি এগিয়ে যায়। তিনটি হতভাগ্য বিড়ম্বিত জীবন ছুটে চলে স্বপ্নময় এক নতুন স্বচ্ছল জীবনের প্রত্যাশায়। যেন ছুটে চলে এক পুলসিরাত পাড়ি দিতে!

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা প্রমুখ। সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, আলোক পরিকল্পনায় বাবর খাদেম।