ভোলার মেঘনায় অভিযান টিমের ওপর হামলা

আহত ৫

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

ভোলার মেঘনায় ইলিশ রক্ষা অভিযান টিমের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এতে নির্বাহী ম্যাজিস্ট্রিট ও মত্স্য কর্মকর্তাসহ পাঁচ জন আহত হন। বুধবার ভোর রাতে মেঘনার বঙ্গের চর নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা ভোলা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। জেলা মত্স্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খানের নেতৃত্বে মত্স্য বিভাগের একটি টিম নদীতে অভিযানে নামে। এ সময় একটি মাছ ধরার ট্রলার দেখে অভিযান টিম ধাওয়া করে। একপর্যায়ে অভিযান টিমকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জেলেরা। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আব্দুল্লাহ খান ও ভোলা সদর সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ পাঁচ জন আহত হন।  নির্বাহী ম্যাজিস্ট্রিট আবু আব্দুল্লাহ বলেন, তাদের ওপর হামলার পর জেলেরা মেহেন্দিগঞ্জের দিকে পালিয়ে যায়। তারা বরিশাল অঞ্চলের জেলে হতে পারে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।