ইত্তেফাক রিপোর্ট
রূপকল্প ২০৪১-এর সঙ্গে সামঞ্জস্য রেখে পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ সব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। তিনি বলেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার পাশাপাশি ম্যানুফ্যাকচারিং শিল্প খাতের উন্নয়ন এবং সেবা খাত বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্পমন্ত্রী গতকাল বুধবার পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) আয়োজিত অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) দলিলের খাতভিত্তিক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত সভায় শিল্পমন্ত্রী ব্যাংকিং চ্যানেলের বাইরে থাকা অতিক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও অপ্রাতিষ্ঠানিক শিল্প খাতের উদ্যোক্তারা সহজ শর্তে অর্থায়ন-সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি বলেন, স্থানীয় শিল্প সুরক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরো শক্তিশালী ভূমিকা রাখতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি তার বক্তৃতায় শতভাগ স্বচ্ছতা ও জবাদিহি নিশ্চিত করতে ন্যায়পালব্যবস্থা কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঝুলে থাকা বা বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিচার বিভাগে জনবল বৃদ্ধির বিষয়টি অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের একটি সুখবর হচ্ছে, শিল্প স্থাপনে জমি রেজিস্ট্রেশন ও মিউটেশনের কাজ যাতে সাত দিনের মধ্যে নিশ্চিত করা যায়, সেরকম একটি ব্যবস্থা শিগিগরই চালু করা হবে।