ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশের তৃতীয় বৃহত্ শহর খুলনায় আধুনিক নর্দমাব্যবস্থা স্থাপনে ১৬ কোটি ডলার (১ হাজার ৩৬০ কোটি টাকা) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে গতকাল বুধবার এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে এক চুক্তি সই হয়েছে। ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেন। খুলনা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (খুলনা ওয়াসা) ব্যবস্থাপনা পরিচাল মো. আব্দুল্লাহ প্রকল্প চুক্তিতে সই করেন। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনমোহন প্রকাশ উল্লেখ করেন, এই প্রকল্পের মাধ্যমে খুলনা শহরে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নর্দমা স্থাপন হবে, যার ফলে কোভিড-১৯সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব কমাতে সরকারি উদ্যোগকে সহায়তা করবে। দ্রুত নগরায়ণের প্রভাবে সাধারণ মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রকল্পটি কার্যকর নর্দমাব্যবস্থার উন্নতি করবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে খুলনা ওয়াসা। এডিবি উল্লেখ করেছে, খুলনা সুয়ারেজ সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের ৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবে। প্রকল্পটির মাধ্যমে ২৬৯ কিলোমিটার নর্দমা নেটওয়ার্ক তৈরি, আটটি পাম্প স্টেশন, দুটি ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ২৭ হাজার নর্দমার সংযোগ দেওয়া হবে। এর আগে এডিবির ঋণে খুলনা শহরের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর ধারাবাহিকতায় এই প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।