স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ হ্যান্ডবল ক্লাব। গতকাল দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩১-২৬ গোলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে হারিয়েছে। ফাইনালে তুমুল লড়াই হয়েছে। প্রথমার্ধে ১৪-১৪ গোলে শেষ হয়েছিল। চার দল নিয়ে ফেডকাপ হয়েছে। প্রথম মুখোমুখিতে পুলিশ হেরেছিল আনসারের কাছে। পুলিশ গতকালকের ফাইনালে ১৪টি গোল করেছে। চার ম্যাচ মিলিয়ে সোহাগের গাল ৪২টি। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করা হয়নি। আজ বেলা সাড়ে ১১টায় হ্যান্ডবল মাঠে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার তুলে না দিতে পারার কারণ জানিয়েছেন হ্যান্ডবল কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘পুলিশের খেলোয়াড়দের প্রমোশন পরীক্ষা চলছিল বলে খেলোয়াড়রা ফাইনাল শেষ করেই চলে গিয়েছেন।’ ২০০৫ সালে শেষ বার ফেডারেশন কাপ হ্যান্ডবল হয়। টানা তিন বার বাংলাদেশ রাইফেলসের কাছে হেরে পুলিশ হ্যাটট্রিক রানার্সআপ হয়েছিল। অবশেষে পুলিশের ঘরে উঠল ফেডকাপের ট্রফি। কর্মকর্তারাও খুশি হবেন আক্ষেপ ঘুচানোর দিনের খবরে।