ইত্তেফাক রিপোর্ট
উত্তরাধিকার সূত্রে পাওয়া জঞ্জাল একে একে অপসারণ করছি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল কাপ্তানবাজারের আধুনিক জবাইখানার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএসসিসি মেয়র বলেন, ‘সমস্যায় জর্জরিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা। পর্যায়ক্রমে সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কোনোটাই আমরা ছাড় দিচ্ছি না। এরই মধ্যে আমরা একটি মার্কেটে শনাক্ত করা অবৈধ দোকান উচ্ছেদের কার্যক্রম হাতে নিয়েছি। একইভাবে নিজস্ব মার্কেটে যত অবৈধ দোকান আছে, তা আমরা পর্যায়ক্রমে উচ্ছেদ করব।’ পরে তিনি ১১ নম্বর ওয়ার্ডের ঝিলপাড়, ১২ নম্বর ওয়ার্ডের ইন্দুপুর খাল পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।