বেআইনি সালিশে স্বামীকে তালাক দিতে বাধ্য করার ঘটনায় নিন্দা

ইত্তেফাক রিপোর্ট

রংপুরের পীরগাছায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রাম্য সালিশে ভুক্তভোগীর স্বামীকে তালাক দিতে বাধ্য করা এবং তালাকপ্রাপ্ত স্বামী ও ধর্ষককে জরিমানার ব্যাপারে নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল এক বিবৃতিতে ধর্ষক ও সালিশ বৈঠকে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ ছাড়া ঘটনার শিকার গৃহবধূ ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেছে মহিলা পরিষদ। একই সঙ্গে বেআইনি সালিশ বন্ধে সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন বিষয়ে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।