ইত্তেফাক রিপোর্ট
গুজব ছড়িয়ে উসকানি দিয়ে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের উত্তরার বাসায় সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি সাব্বির আহম্মেদ নামে এক যুবককে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।
এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, মামলার তদন্ত কর্মকর্তা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের পুলিশ পরিদর্শক আহসান হাবিব খান আসামিকে গ্রেফতারের পর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিন রিমান্ডের আদেশ দেন। মঙ্গলবার ভোরে সাব্বিরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।