চট্টগ্রামে সাংবাদিক অপহরণ অজ্ঞাত ছয় জনকে আসামি করে মামলা

চট্টগ্রামে সাংবাদিক গোলাম সরওয়ার অপহরণের ঘটনায় অজ্ঞাত পরিচয় ছয় জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বুধবার নগরীর কোতোয়ালি থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন সাংবাদিক গোলাম সরওয়ার। এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতারা তার সঙ্গে ছিলেন।

সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ইত্তেফাককে জানান, সাংবাদিক গোলাম সরওয়ার বাদী হয়ে একটি অপহরণ মামলা করেছেন। মামলার এজাহারে বিভিন্ন বিষয়ে নিউজ করার জন্য তাকে অপহরণ করা হয়েছে বলে সরওয়ার উল্লেখ করেছেন। এর আগে গতকাল বিকালে সিইউজে কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গোলাম সরওয়ার।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নগরীর ব্যাটারি গলির বাসা থেকে অফিসে যাওয়ার সময় নিখোঁজ হন সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল সিটিনিউজবিডির নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ার। চার দিন পর জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে তাকে উদ্ধার করে চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।