পাঁচ জেলায় পাঁচ কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে মানসিক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া জামালপুর, গাইবান্ধা, দিনাজপুর ও কুমিল্লায় চার স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। জামালপুর ও দিনাজপুরে ধর্ষণের ঘটনায় দুই জনকে পুলিশ গ্রেফতার করতে পারলেও গাইবান্ধা ও কুমিল্লায় ঘটনায় অভিযুক্তদের এখনো আটক করতে পারেনি। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : বন্দরে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের ঘটনায় কামাল বেপারী (২৮) নামের দুই সন্তানের জনক এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দীস্থ সাহাবউদ্দিন খন্দকারের আমবাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে।

কিশোরীর পিতা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। কামাল বেপারী বরিশাল জেলার আগৈলঝাড়া থানার উত্তর সিপাশা এলাকার মৃত সেকেন্দার বেপারী ছেলে। বর্তমানে বন্দরের কল্যান্দী সোহাবউদ্দিন খন্দকারের বাড়ির ভাড়াটিয়া। বন্দর থানার অফিসার ইনচার্জ ফখরুদ্দীন ভূইয়া জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার                  পর আদালতে পাঠানো হয়েছে। কামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জামালপুর : সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের সেংগুয়া গ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে খলিল মিয়া (৩৫) নামে এক কাঠমিস্ত্রিকে আটক করে র্যাবের কাছে তুলে দিয়েছে এলাকাবাসী। গত মঙ্গলবার র্যাব-১৪ অভিযুক্ত ঐ কাঠমিস্ত্রিকে আটক করে। অভিযুক্ত খলিল ঐ ইউনিয়নের আলী নগর গ্রামের আব্দুস সামাদের ছেলে। জামালপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পশ্চিম ভাষারপাড়া গ্রামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম আজাদ (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার বিকালে ঐ স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ফুলছড়ি থানায় মামলা করেন। ফুলছড়ি থানার ওসি কাওছার আলী জানান, আবুল কালাম আজাদ ঐ স্কুলছাত্রীর বাবার পূর্বপরিচিত। এই সুবাধে তিনি মেয়েটির বাড়িতে যাতায়াত করতেন। থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ীতে সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার ভোর ৬টায় শওকত হোসেন (১২) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শওকত হোসেন ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের ভেড়ম দক্ষিণ মালকিপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং মিরপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এজাহার সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঐ শিশুকন্যাকে বাড়িতে নিয়ে আসেন তার স্বজনরা। ঐদিন রাতে তার মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) : চান্দিনায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মাদ্রাসাপড়ুয়া ১১ বছর বয়সি শিশুকে ধর্ষণ করেছে নবী হোসেন (৪৫) নামের এক ব্যক্তি। আহত ঐ শিশু কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে  চিকিত্সাধীন। এ ঘটনার পর থেকে পুলিশ ধর্ষক নবীকে আটক করতে অভিযান চালাচ্ছে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, শিশুটিকে সোমবার রাতে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর বিষয়টি জেনেছি। জড়িত নবী হোসেনকে আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।