পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
উপজেলার বুড়িমারীতে রংপুরের আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনার তিন মামলায় মঙ্গলবার রাতে আরো পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—মোতাহার হোসেন, হাশেম আলী, লাজু, রবিউল ইসলাম ওরফে পিচ্চি রবিউল ও আরিফুল ইসলাম আরিফ। এদের মধ্যে মোতাহার হোসেন ও হাশেম আলীকে পুলিশের ওপর হামলা ও লাজু, রবিউল এবং আরিফুল ইসলাম আরিফকে বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও অগ্নিসংযোগ করার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ পর্যন্ত চার দফায় মোট ২১ জন আসামিকে গ্রেফতার করা হলো। ‘ধর্ম অবমাননার’ গুজবের জের ধরে গত ২৯ অক্টোবর স্থানীয় বেশ কিছু লোক জুয়েলকে পিটিয়ে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়। এদিকে গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছেন রংপুরের অতিরিক্ত ডিআইজি শাহ্্ মিজান শাফিউর রহমান।
জুয়েলকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
এদিকে স্টাফ রিপোর্টার রংপুর জানান, জুয়েল হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। মঙ্গলবার সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে কারমাইকেল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিশাল এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন শেষে তারা রংপুর বিভাগীয় কমিশনার আবদুুল ওহাব ভূঞাকে ও বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যকে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে এসময় বক্তব্য দেন কারমাইকেল কলেজের সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বুলেট, সাবেক ছাত্রনেতা মো. রশিদুস সুলতান বাবলু, কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি ডা. মফিজুল ইসলাম মন্টু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বনমালী পাল প্রমুখ।
রংপুরের শালবনে ঘরের বাতি
নিভিয়ে রাস্তায় প্রতিবাদ
এদিকে গতকাল বুধবার সন্ধ্যা ৭টা থেকে রংপুর নগরীর শালবন এলাকার বাসিন্দারা বাড়ির বৈদ্যুতিক বাতি ৫ মিনিট বন্ধ রেখে ঘর থেকে বেরিয়ে পড়েন এবং রাস্তায় দাঁড়িয়ে জুয়েল হত্যার প্রতিবাদ জানান। তারা দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শালবন মহল্লার বাসিন্দারা বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করবেন বলে জানা গেছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহল্লার সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কর্মসূচিও রয়েছে।