কুমিল্লায় মায়ের সঙ্গে সাত মাসের শিশুর ১৫ দিন কারাবাস

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ১৫ দিন কারাবাসের পর জামিনে মুক্তির আদেশ পেয়েছেন হত্যা মামলায় শিশুসহ কারাগারে থাকা এক মা শাহনাজ আক্তার। এর আগে সাত মাস বয়সি শিশু মাহাদী হাসানকে নিয়ে গত ১৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

বুধবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাব উল্লাহ মানবিক বিবেচনায় শাহনাজ আক্তারকে জামিন আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর নগরীর মনোহরপুর এলাকায় গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন আয়েশা আক্তার রীমা নামের এক গৃহবধূ। ঐ ঘটনায় রীমার বাবা তার স্বামী নাসির উদ্দিন, নাসিরের বড় ভাই মাসুম ও তার স্ত্রী শাহনাজকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় শিশুটির বাবা মাসুমও কারাগারে আছেন।