বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবারও সারা দেশে ১০ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬ নভেম্বর শুক্রবার বেলা ১১টা থেকে ভার্চুয়াল পরীক্ষার মাধ্যমে সারা দেশের ৯টি কেন্দ্রে একযোগে ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন প্রতিযোগিতার চট্টগ্রাম অঞ্চলের অর্গানাইজিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম জামালউদ্দিন আহমেদ ও সদস্য সচিব অধ্যাপক ড. নুকম আকবর হোসেন। উপস্থিত ছিলেন অধ্যাপক বেণু কুমার দে, ড. ইদ্রিছ আলী, ড. হেলাল, ড. আজাদ ও জাহাঙ্গীর আলম।
সম্মেলনে জানানো হয়, সারা দেশে মোট ২ হাজার ২৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নাম রেজিস্ট্রেশন করিয়েছেন। এদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ৫০টি সরকারি ও বেসরকারি কলেজের প্রায় ১ হাজার শিক্ষার্থী রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত কেন্দ্রীয় কন্ট্রোল রুমের মাধ্যমে প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করা হবে। প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন সাবেক মুখ্য সচিব এবং বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি মো. আবদুল করিম।
উল্লেখ্য, এ বছরের মার্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত করা হয়। প্রতিযোগিতাটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উত্সর্গ করা হয়েছে।
আয়োজক সূত্র জানায়, রসায়ন পাঠের সুফল দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও সচেতনতা সৃষ্টির প্রত্যয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে গিয়ে যেসব প্রতিযোগী তথ্য বিভ্রাটের কারণে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি তাদেরকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের রসায়ন বিভাগের প্রধানের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে।