রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনীর কর্মকর্তা লে. ওয়াসিফ আহমদ খানকে মারধরের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের (বরখাস্ত) কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম মো. জিয়াউর রহমানের আদালত এ আদেশ দেন।
এর আগে একই মামলায় দুদিনের রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই মবিনুল হক তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৬ অক্টোবর সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দীপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন।
ওইদিন চকবাজারের বড় কাটরার ২৬, দেবীদাস ঘাট লেনে ‘চাঁন সরদার দাদা বাড়ী’তে র্যাব অভিযান চালিয়ে ৩৮টি ওয়াকিটকি, ৩ টি ভিপিএস সেট, ১ টি এয়ারগান, ১ টি পিস্তল, ১ টি হ্যান্ডকাফ ও বিদেশী মদসহ কাউন্সিলর ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে গ্রেফতার করে ১ বছর করে কারাদণ্ড দেয় ভ্রামমাণ আদালত।
ইত্তেফাক/বিএএফ