পাবলিক বিশ্ববিদ্যালয়

স্মার্টফোন কিনতে বিনা সুদে ঋণ পাবেন ৪১৫০১ শিক্ষার্থী

অনলাইন শিক্ষা কার্যক্রমে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে স্মার্টফোন কেনার জন্য ঋণ দেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে এক জন শিক্ষার্থী বিনা সুদে ঋণ পাবেন সর্বোচ্চ ৮ হাজার টাকা। ঐ ঋণের টাকা বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন চারটি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে পারবেন তারা ।

গতকাল বুধবার এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ সভায় সভাপতিত্ব করেন। সভায় বলা হয়, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের গঠিত ‘সফটলোন অনুমোদন কমিটি’র সুপারিশের আলোকে ২০২১ সালের ৩১ জানুয়ারির মধ্যে প্রত্যেক শিক্ষার্থীর ব্যাংক হিসাবের মাধ্যমে ঐ ঋণের টাকা দেওয়া হবে। এই অর্থ বিশ্ববিদ্যালয়গুলোর ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক বরাদ্দের বিপরীতে অগ্রিম হিসেবে সংশোধিত বাজেটে বরাদ্দ দেওয়া হবে।

কমিশনের পক্ষ থেকে যেসব শিক্ষার্থী আর্থিকভাবে অস্বচ্ছল, উপযুক্ত ডিভাইস নেই—এমন তালিকা চেয়ে গত ৯ আগস্ট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের চিঠি দেওয়া হয়। এ ধারাবাহিকতকায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪১ হাজার ৫০১ জন শিক্ষার্থীর তালিকা দেওয়া হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ সভায় বলেন, এই উদ্যোগের মাধ্যমে অস্বচ্ছল শিক্ষার্থীরা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করতে সক্ষম হবেন। এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্যোগে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনলাইন ক্লাসে অংশ নিতে সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট ডেটা প্যাকেজ দেওয়ারও উদ্যোগ নিয়েছে ইউজিসি। সেই লক্ষ্যে মোবাইল অপারেটরগুলোর সঙ্গে ইতোমধ্যে চুক্তিও হয়েছে বলে ইউজিসি থেকে জানানো হয়েছে।