শান্তি ও সম্প্রীতি টিকিয়ে রাখতে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

শান্তি ও সম্প্রীতি টিকিয়ে রাখার স্বার্থে ধর্ম-বর্ণ সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। গতকাল বুধবার জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৯ অক্টোবর লালমনিরহাটে কিছুসংখ্যক সুবিধাবাদী, উগ্রবাদী চক্র একজন মানুষকে আগুনে জ্বালিয়ে পৈশাচিকতায় মেতে ওঠে। অন্যদিকে গত ৩০ অক্টোবর গুজব ছড়িয়ে কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটানো হয়। এই অন্ধত্ববাদিতার নিন্দা ও উক্ত ঘটনায় জড়িত দুষ্ট চক্রের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. অসিত বরণ রায়, ঐক্য ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভুঁইয়া, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ জাসদ নেতা তনিমা শরীফ ও গণতন্ত্রি পার্টির মহানগর নেতা মিনহাজ উদ্দিন সেলিম প্রমুখ। সভায় ঘোষণা পত্র পাঠ করেন, সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য অলক দাশ গুপ্ত। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।

অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, সাম্প্রদায়িকতার বাতাবরণে ক্ষমতায় যাওয়া-আসার অপসংস্কৃতি থেকে আজকে শোষিত হচ্ছে জনসাধারণ। আমরা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে বাঁচাতে বিবেকবানদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাই এবং লালমনিরহাট ও কুমিল্লার ঘটনার নায়কদের কঠোর শাস্তি দাবি করি।