প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেল যুক্তরাষ্ট্র। ঘোষণার তিন বছর পর গতকাল বুধবার (৪ নভেম্বর) দেশটি নিজেদের প্রত্যাহার করে নেয়। এই প্রথম কোনো দেশ চুক্তি থেকে সরে গেল। দেশে নির্বাচনি ফলাফল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। খবর আলজাজিরার
২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়। জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের নির্বাহী সচিব প্যাট্রিসিয়া এসপিনোসা বলেন, এর মাধ্যমে চুক্তিতে একটা শূন্যতা সৃষ্টি হবে এবং চুক্তির লক্ষ্য অর্জনে ব্যাঘাত ঘটবে। তিনি বলেন, পুনরায় যুক্ত হতে যুক্তরাষ্ট্রকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। ২০১৭ সালের জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণা দিয়েছিল। গত বছরের ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে যাওয়ার জন্য চিঠি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এটা কার্যকর হতে এক বছর সময় লাগে। এখন ফের যুক্ত হতে হলে মার্কিন প্রেসিডেন্টেরই পদক্ষেপ নিতে হবে। এর আগে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন, তিনি জয়ী হলে প্যারিস জলবায়ু চুক্তিতে আবার যুক্ত হবে তার দেশ।