করোনায় আক্রান্ত হওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হতে পারেননি সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা। বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থ থাকায় গতকাল বুধবার তিনি দুদকের তলবে হাজির না হয়ে সময় চেয়ে কমিশনে আবেদন করেছেন বলে জানিয়েছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
উল্লেখ্য, জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ নিয়ে জি কে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাঁত করে জামিন করিয়ে বিপুল অর্থ লোপাটসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এরই ধারাবাহিকতায় জিজ্ঞাসাবাদের জন্য গত ২৯ অক্টোবর তাকে চিঠি দেয় কমিশন। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত ঐ নোটিশে তাকে ৪ নভেম্বর সকাল ১০টায় হাজির হতে বলা হয়েছিল। দুদক ওই নোটিশ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ কক্ষ নং-২০৯ ঠিকানা বরাবর পাঠায়। অপরদিকে দুদকের তলবের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে জান্নাতুল ফেরদৌসি রুপার আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতুবি করেছে হাইকোর্ট।