মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা এবং উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকানরা সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। কংগ্রেসের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রে প্রশাসন পরিচালনা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। খবর সিএনএন, নিউ ইয়র্ক টাইমস ও ভয়েস অব আমেরিকার।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ৪৩৫ আসন এবং সিনেটে ১০০ আসন। প্রতিনিধি পরিষদের সবগুলো আসনে ভোট হলেও সিনেটের মাত্র ৩৫ আসনে ভোটাভুটি হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, ডেমোক্র্যাটিক পার্টি প্রতিনিধি পরিষদে ১৯৯ আসন এবং রিপাবলিকান পার্টি পেয়েছে ১৮৫ আসন। সিনেটে ডেমোক্র্যাটরা ৪৭ এবং রিপাবলিকানরা ৪৮ আসন পেয়েছে।
তবে সিএনএন জানায়, ডেমোক্র্যাটরা ৪৬ এবং রিপাবলিকানরা ৪৭ আসন পেয়েছে। গতকাল রাত দুইটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এই তথ্য জানা যায়। সিনেট বর্তমানে রিপাবলিকানদের দখলে আছে (৫৩-৪৭)। সিনেটে কারা নিয়ন্ত্রণ পাবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নর্থ ক্যারোলিনা, মেইন এবং জর্জিয়ার সিনেট আসনে দুই দলের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই চলছে। কলোরাডোতে রিপাবলিকান কোরি গার্ডনারকে হারিয়েছেন ডেমোক্রেটিক পার্টির জন হিকেনলুপার।
স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা কুক পলিটিক্যাল রিপোর্ট অনুযায়ী, ৩৫ সিনেটের মধ্যে মূলত সাতটিতে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয়েছে। আলাবামায় রিপাবলিকান প্রার্থী হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীকে। জো বাইডেন প্রেসিডেন্ট হলে ডেমোক্র্যাটদের আরো তিনটিতে জিততে হবে। আর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে আরো চারটিতে জয় পেতে হবে ডেমোক্র্যাটদের। দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সিনেটের নিয়ন্ত্রণ থাকা জরুরি।
ইত্তেফাক/বিএএফ