দুই লাখ ইয়াবাসহ আটক ৬

কক্সবাজার-মিয়ানমার সীমান্তের ঘুমধুম ইউপি’র রেজুআমতলী আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা নিয়ে পাঁচ রোহিঙ্গাসহ ছয়জনকে আটক করেছে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ৩৪ বিজিবি রেজুআমতলী বিওপির সদস্যরা এ অভিযান চালান বলে জানিয়েছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।

আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়ার থ্যাইংখালীর মো. জয়নাল আবেদীন (২৫), কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-এ'র মো. রহমত উল্লাহ (২৫), মো. মাহমুদুল হাসান (২১), মো. সেলিম (২২), মো. আমিন (২২) ও মো. জিয়াবুল হক (২৬)। 

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের রেজুআমতলী বিওপি’র আমবাগান সীমানা দিয়ে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সীমান্তে ৩নং ঘুমধুম ইউপি’র রেজুআমতলী আমবাগান নামক স্থানে ফাঁদ পাতে। সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত হতে ৬ জন বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের পিছু নিয়ে আটকের পর শরীর তল্লাশী করলে লুকায়িত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। গণনা শেষে সেখানে ২লাখ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিয়মিত সীমান্ত পেরিয়ে ইয়াবা আনার সত্যতা নিশ্চিত করেছে। জব্দ ইয়াবা গুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রেখে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে।

ইত্তেফাক/পিএস