পটুয়াখালীতে দুর্বৃত্তের কোপে শ্রমিক লীগ নেতার কব্জি বিচ্ছিন্ন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি জুয়েল প্যাদাকে (৩৫) এলোপাথাড়ি কুপিয়ে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। এসময় তারা জুয়েলের সারা শরীরের কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। গত বুধবার (৩ নভেম্বর) রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া এলাকার হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্বজনরা রাত ১২টার দিকে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

জুয়েল পূর্ব রজপাড়া গ্রামের ফারুক প্যাদার ছেলে এবং উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে জুয়েল ওই স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় কুপিয়ে জুয়েলের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয়। ডান হাত ও দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত ভেবে ফেলে পালিয়ে যায়। 

জুয়েলের ছোট ভাই জাকারিয়া প্যাদা সাংবাদিকদের জানান, জুয়েল আসন্ন নির্বাচনে স্থানীয় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। এছাড়া তার ভাইয়ের বাঁধার কারণে বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরার সহযোগী বশির, শিপন, সোহেল, হামীমসহ অন্যরা এলাকায় মাদক ব্যবসা করতে পরছিল না। এ কারণে তারা হত্যার উদ্দেশ্যে জুয়েলের ওপর আক্রমণ করে। 

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ইত্তেফাক/এসি