বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় শ্যালক মোস্তফা মোল্লাকে (৪২) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে পাচুড়িয়া ইউনিয়নের মোস্তফা মোল্লার ছোট বোন ঝর্ণা বেগমের সঙ্গে একই ইউনিয়নের চরপাচুড়িয়া গ্রামের ইদ্রিস মৃধার ছেলে রবিউল মৃধার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী রবিউল যৌতুকের জন্য স্ত্রী ঝর্ণাকে মারধর ও নির্যাতন করতেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বোনকে নির্যাতনের খবরে বাবার বাড়ির লোকজন সেখানে উপস্থিত হয়। এসময় ভগ্নিপতি রবিউল ক্ষিপ্ত হয়ে  মোস্তফাসহ সকলের ওপর হামলা চালান। হামলার সময় অন্যরা পালিয়ে গেলেও মোস্তফাকে আটকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করে মারাত্মক জখম অবস্থায় পাশের মধুমতী নদীতে ফেলে দেওয়া হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে ওই রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা মোল্লা বুধবারে মারা যান। 

আরও পড়ুন: কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রেজাউল করীম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় মোস্তফার জানাজা শেষে তাকে যোগিবরাট কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এসি