মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা হত্যা মামলায় গ্রেফতার ওসি প্রদীপের সহযোগী কনস্টেবল রুবেল শর্মাকে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরের দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর (টেকনাফ-৪) আদালতে আনা হয় তাকে। র্যাবের পক্ষ থেকে তাকে নতুন করে রিমান্ড আবেদন করা হয়নি। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম জানান, দ্বিতীয় দফা রিমান্ডে রুবেলের কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ সব তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত ২৮ অক্টোবর কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ (টেকনাফ-৪) এর আদালতে দ্বিতীয় দফায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। এছাড়া গত ৩০ সেপ্টেম্বর রুবেল শর্মার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছিল একই আদালত।
গত ১৪ সেপ্টেম্বর কনস্টেবল রুবেলকে সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছিল।
আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে নির্বাচন পরবর্তী বিক্ষোভ ও সহিংসতা শুরু
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। র্যাবকে মামলাটির তদন্তভার দেয়া হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্যতম আসামি বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও তার সহযোগী হিসেবে আটক রুবেল শর্মা এখনো জবানবন্দি দেননি।
ইত্তেফাক/ইউবি