গাইবান্ধার মোল্লারচরে তীব্র নদী ভাঙন, গৃহহীন ৮শ’ পরিবার

গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়ন জুড়ে শুরু হয়েছে ব্রহ্মপুত্র নদের ব্যাপক ভাঙন। ইতিমধ্যে এই ইউনিয়নের অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে গৃহহারা হয়ে পড়েছে প্রায় আটশ পরিবার। এছাড়া ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান, ছয়টি মসজিদ, দুটি কমিউনিটি ক্লিনিক,  পাঁচটি টিকাদান কেন্দ্র ও এক হাজার হেক্টর একর আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, পাউবোসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

মোল্লারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাই মণ্ডল জানান, ভাঙন কবলিত গ্রামগুলো হচ্ছে, বাজে চিথুলিয়া, চিথুলিয়া দিগর, মাইজবাড়ী, সিধাই, কাচির চর, উত্তর মোল্লার চর, দক্ষিণ মোল্লার চর, হাসধরা এবং মৌলভীর চর। নদী ভাঙনে সব হারানো পরিবারগুলো বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আবার অনেকেই পাশের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়, উত্তরে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন এবং দক্ষিণে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে। ভাঙন রোধে কোনো পদক্ষেপই গ্রহণ করা হচ্ছে না। 

আরও পড়ুন: কোরআন অবমাননার ছুতোয় জুয়েল হত্যায় উত্তাল রংপুর

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, মোল্লার চর ইউনিয়ন পুরোটাই ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত। ফলে সেখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো কাজের সুযোগ নেই। তবে সরকারিভাবে নদী খননের কাজ শুরু হলে ভাঙন কিছুটা কমে আসবে।

ইত্তেফাক/এসি