রূপান্তর : মাসুদুল হক
আমাকে বলুন
আপনি কি কখনো বিশ্বাস করতে পারেন না
অস্ত্র ছাড়াও
আপনি জিতে যেতে পারেন
এবং আপনার স্বাধীনতা খুঁজে পেতে পারেন
শুধুমাত্র আপনার নিজের ইমেজে যুদ্ধ করে।
আপনি আর আয়নায়
নিজের দিকে তাকাবেন না
যা আপনাকে দেখায়
দুর্বল বা অহংকারী,
সাহসী বা কাপুরুষ,
যখন আপনি যেমন চান...
আপনি আগেও শুনেছেন
তবে কখনো বিশ্বাস করেননি...
তবু ভেবে দেখুন—আপনার ছবির ইমেজের
কী হবে যে দেশে আয়নাই নেই?
আপনি নিজেকে আবার জিজ্ঞেস করুন—
এবং অবশ্যই উত্তর খুঁজে পাবেন
আপনি যদি উত্তরটিকে
তার মতো চলার পথ দেন।
আপনি কী হারাতে পারেন
যখন একমাত্র সম্ভাব্য বাস্তবতাই
আপনাকে খোঁজে?
যদিও পথিক জিজ্ঞেস করে,
কোন পথে যাব—
পথ অজানা, এটি একমাত্র রাস্তা
তা অনুসরণ করা ছাড়া...
এবং যেখানে যেতে হবে
যদি সে ইতিমধ্যে সেখানে থেকেও থাকে—
তবুও সে জানে না
কে জিতবে...
এ কীসের প্রতিযোগিতা
তাতে আবার ভয়—যেখানে আপনি
একমাত্র অনড় খেলোয়াড়?
কিন্তু আপনি কীভাবে লড়াই চালিয়ে যেতে পারেন
যেখানে আপনার প্রতিপক্ষ
কেবল আপনার ছবির ইমেজকে ব্যবহার করছে
তার ভাগ্যের রক্ষাকবজ হিসেবে?
আপনাকে বলা হয়েছিল :‘সমস্ত আশা ত্যাগ করুন’
তাহলেই আপনি আশা করতে পারেন!
তাহলে আমাকে বলুন, কোন ভালোকে আশা বলবো
যার কাছে সবকিছু আছে,
অথবা ফিরে যাবার পথ পুরোটাই জানেন
যে ইতিমধ্যে এসে পড়েছেন?
দৃষ্টান্ত
অল্প কয়েকটা শব্দ, তুমি নিজেকে বলেছিলে,
মাত্র অল্প কয়েকটা—এবং তাতেই তৈরি হয়েছে
একটি গল্প যার ধারাবাহিকতা চলছে
গতকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত; এই যেমন
আগামীকাল এর শেষ হবে অন্য কোনো
গল্পের ভেতরে,
এবং চিরতরে হারিয়ে যাবে...
একটি শব্দ, তুমি নিজেকে বলেছিলে,
মাত্র একটি—এবং তুমি তোমার পথে
অচেনা হয়ে উঠলে,
অজানা পদক্ষেপে তুমি স্বাধীনতা পেলে
তুমি কে এবং কে নও—এই চিন্তা করার;
এই একটি মাত্র দৃষ্টান্তের মধ্য তুমি তোমার মতো
হয়ে উঠতে পারো।
[এলেনা পপেস্কু ১৯৪৮ সালে টার্নু ম্যাগুরেল, টেলিওরম্যান, রোমানিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি গণিতে পিএইচডি এবং রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মূলত কবি, অনুবাদক এবং সম্পাদক। এছাড়াও তিনি রোমানিয়ার রাইটার্স ইউনিয়ন এবং রোমানিয়ান পিইএন কেন্দ্রের সদস্য। রোমানিয়া ছাড়াও বিদেশে ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ ভাষায় তাঁর ষাটটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর বেশকিছু কবিতা আলবেনিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বলিভিয়া, ব্রাজিল, কানাডা, চিলি, কলম্বিয়া, কিউবা, এল সালভাদোর, এস্তোনিয়া, জার্মানি, হাঙ্গেরি, ভারত, ইতালি, মেক্সিকো, মঙ্গোলিয়া, নিকারাগুয়া, পাকিস্তান, পোল্যান্ড, মলদোভা প্রজাতন্ত্র, সার্বিয়া, স্পেন, তাইওয়ান, তুরস্ক, উরুগুয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনুবাদের মাধ্যমে প্রকাশিত হয়েছে।]