ঢাকায় ফিরে বলেছিলেন সবই গুজব। শেষ পর্যন্ত সেই জামাল ভুঁইয়াই মুখ খুললেন, স্বীকার করেছেন তিনি আই লিগে কলকাতা মোহামেডানে খেলতে যাচ্ছেন। জামাল বললেন,‘যখন কথা হয়নি তখন এটা গুজব ছিল। এখন কথা হয়েছে কলকাতা মোহামেডানের ফুটবল কর্তা ওয়াসিমের সঙ্গে।’ ওয়াসিমও কলকাতা হতে ঢাকায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন জামালের খেলার ব্যাপারে। জামালের সঙ্গে সাইফ স্পোর্টিংয়ের গত মৌসুমের চুক্তি শেষ হয়ে গেলেও পুনরায় সাইফের সঙ্গে জামাল ভুঁইয়া এবং কলকাতা মোহামেডানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হচ্ছে। জামাল বলেন, ‘আমাকে একাধিক ক্লাব অফার করেছিল। আমি কলকাতা মোহামেডানকে বলেছিলাম তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়বে কি না। বলেছে করবে। নেপালের সঙ্গে ম্যাচ খেলেই কলকাতা যাব। সেখানে খেলব পাঁচ মাসের জন্য। ঢাকায় ফিরে সাইফে খেলব। সবকিছুই আলোচনার মধ্যে হচ্ছে।’ জামাল মনে করছেন আগামীতে তরুণ ফুটবলাররাও এমন আমন্ত্রণ পাবেন। আর কোচ জেমি ডে বললেন, ‘জামালের ভারতে যাওয়ার সিদ্ধান্ত সঠিক।’