বাংলাদেশ নেপাল ম্যাচের টিকিটের চাহিদা বাড়ছে

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপাল ফিফা প্রীতি ম্যাচ দুটির টিকিটের খোঁজ নিচ্ছে দর্শক। খেলা হবে আগামী ১৩ ও ১৭ নভেম্বর। করোনা ভাইরাসের কারণে স্টেডিয়ামে খুব বেশি দর্শক ঢুকতে দেওয়া হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশেই দূরত্ব বজায় রেখে কম সংখ্যক দর্শক গ্যালারিতে ঢুকবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি বেশ বড়। এখন চেয়ার নেই। যে কারণে ৩০ হাজারের বেশি দর্শক বসে খেলা দেখতে পারবে। এই মুহূর্তে সেটির সুযোগ নেই। বাফুফে বলছে তারা ৮ হাজার টিকিট ছাড়বে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন টিকিটের জন্য যোগাযোগ করছে দর্শক। তিনি বলেন, ‘আমরা ৮ হাজার টিকিট ছাড়ব। ১০০ টাকার গ্যালারি, ভিআইপি ৩০০ অথবা ৫০০ টাকা হতে পারে চূড়ান্ত হয়নি।’