চোটের কবলে নিউজিল্যান্ড

সামনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এর আগে খেলোয়াড় নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে নিউজিল্যান্ড। চোটের আঘাতে দলটির বেশ কয়েকজন ক্রিকেটারকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।

কদিন আগে বৃদ্ধাঙ্গুল ভেঙে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন পেসার ম্যাট হেনরি। এখন চোটের কারণে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে খেলতে পারছেন না টিম সাউদি, নিল ওয়্যাগনার, কলিন ডি গ্র্যান্ডহোম। পেসার সাউদি পিঠের চোট ও ওয়্যাগনার কুচির সমস্যায় ভুগছেন। অলরাউন্ডার ডি গ্র্যান্ডহোম ডান পায়ে চোট পেয়েছেন। বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল কাফ স্ট্রেইন চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। একই সমস্যায় প্লাঙ্কেট শিল্ডের এবারের মৌসুমে এখনো খেলতে পারেননি হেনরি নিকোলস। কেন্টারবুরির হয়ে চতুর্থ রাউন্ডে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।