পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ চার জনের মৃত্যু হয়েছে। সংবাদদাতাদের পাঠানো খবর।
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা জানান, সরিষাবাড়ীতে বৃহস্পতিবার দুপুরে অটোবাইক চাপায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রাকিব হাসান (১১)। বিষয়টি নিশ্চিত করেছেন সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের। সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করীম জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গফরগাঁওয়ে বৃহস্পতিবার বালুভর্তি ট্রাকের চাপায় সোহাগ (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গফরগাঁও-ময়মনসিংহ সড়কের চারিপাড়া গ্রামের খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহাগ উপজেলার মুখী গ্রামের আছর আলীর ছেলে। গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, ভেড়ামারায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম হূদয় শেখ (২৮)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার আলম শেখের ছেলে। ভেড়ামারা থানার ওসি শাহ জালাল জানান, ভেড়ামারা-জগশ্বর আঞ্চলিক সড়কের জগশ্বর কালভার্ট অতিক্রম করে মোটরসাইকেল আরোহী হূদয় শেখ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, কাঠালিয়ায় বুধবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম অধীর চন্দ্র মাতুব্বর (৫৫)। তিনি উপজেলার মাতুব্বর পশ্চিম আউরা গ্রামের মৃত সূর্য্যকান্ত মাতুব্বরেরে ছেলে।