হবিগঞ্জে ভুয়া চিকিত্সকের কারাদণ্ড

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মুন জেনারেল হাসপাতাল থেকে এক ভুয়া চিকিত্সককে আটক করা হয়েছে। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে। ভুয়া চিকিত্সক মাসুদ রানা নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা গ্রামের আবদুল হান্নানের ছেলে। আটক ব্যক্তি ফেনীর ডা. মাসুদ করিমের ভুয়া পরিচয়ে ওই হাসপাতালে বিভিন্ন রোগের চিকিত্সায় পারদর্শী হিসেবে পরিচয় দিয়ে কাজ করছিল। চিকিত্সকের প্রয়োজনীয় সনদ দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়। হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা জানান, ভুয়া চিকিত্সককে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।