সাংবাদিকরা জাতিকে পথ দেখান, খুলে দেন তৃতীয় নয়ন :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নত রাষ্ট্র গঠনে নবপ্রজন্মের মনন তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অনন্য। প্রকৃতপক্ষে সাংবাদিকরা জাতিকে পথ দেখান, মানুষের তৃতীয় নয়ন খুলে দেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ওপর লেখা প্রদর্শনীর সমাপনী ও ডিআরইউ সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মন্ত্রী অনুসন্ধানী রিপোর্টের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এ ধরনের রিপোর্টের জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটকে পুরস্কারের ব্যবস্থা করতে এবং পিআইবির নিজস্ব বাজেটের মাধ্যমে আরো বেশিসংখ্যক সাংবাদিকদের প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় বিএফইউজের সাবেক সভাপতি মনজুুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বিশেষ অতিথি হিসেবে ও ডিআরইউ সদস্যবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন। তথ্যমন্ত্রীর পক্ষে বিশেষ অতিথি মনজুরুল আহসান বুলবুল ১৫ জন সাংবাদিকের হাতে ডিআরইউ সম্মাননা তুলে দেন।