রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য ও প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো. আলতাফ হোসেন আর নেই। বৃহস্পতিবার ভোরে রাজশাহী মহানগরীর উপশহরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। আলতাফ হোসেন ১৯৯৪ সালের ২৭ আগস্ট থেকে ১৯৯৬ সালের ৭ অক্টোবর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ২০০৫ সালের ৫ জুন থেকে ২০০৮ সালের ১৫ মে পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন।
প্রফেসর আলতাফ হোসেন ১৯৪৬ সালে বর্তমান চাঁপাইনবাবগঞ্জ সদরের চাঁদলাইয় মহল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএস এবং ১৯৭৬ সালে ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং পরে যুক্তরাজ্য থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। ১৯৭৬ সালে তিনি রাবির প্রাণিবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি কয়েক বছর ফিশারিজ বিষয়ে অধ্যাপনা করেন।
বৃহস্পতিবার বাদ জোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দাফনের জন্য মরদে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।
প্রফেসর আলতাফ হোসেনের মৃত্যুতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাবি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
ইত্তেফাক/এসি