সড়ক নিরাপত্তা আইন দ্রুত বাস্তবায়নের নির্দেশ

২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে :কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ছয়টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে। ইতিমধ্যেই মেট্রোরেল রুট-৬-এর কাজ শতকরা ৫২ শতাংশ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে ‘ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে যুক্ত হন।

সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, চারলেন, ছয়লেন, আটলেনের সড়ক যতই নির্মাণ হোক এখনো সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়নি।         সড়ক দুর্ঘটনা এখনো সবচেয়ে বড় দুর্ভাবনা। নিরাপদ সড়কের সঙ্গে ইঞ্জিনিয়ারিং সলিউশন, এনফোর্সমেন্ট এবং এওয়্যারনেস—এই তিনটি বিষয় সম্পর্কিত। তিনি বলেন, মহাসড়কের নির্মাণ ত্রুটি অপসারণে এআরআই দেশব্যাপী ১৪৪টি ব্ল্যাকস্পট চিহ্নিত করেছে। ইতিমধ্যে চার লেনের মহাসড়কের স্পটগুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। এর আওতায় ১২১টি স্পটের ঝুঁকি প্রবণতা হ্রাস করা হয়েছে।

দেশব্যাপী ঝুঁকিপূর্ণ সড়ক করিডোর উন্নয়নের উদ্যোগ চলমান আছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ৪৫০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে।