নিষেধাজ্ঞা ওঠার পর প্রথম দিন

বরিশালের মোকামে আশানুরূপ ইলিশ আসেনি, দামও বেশি

মা ইলিশ নিধনে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল বৃহস্পতিবার প্রথম দিনে বরিশালের পাইকারি বাজারে আশানুরূপ ইলিশ না আশায় ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দেয়। বরিশালের পাইকারি মত্স্য বাজার (পোর্ট রোডের) আড়তদাররা জানান, এবার প্রত্যাশা অনুযায়ী ইলিশ না আসায় দামও বাড়তি। তবে আগামী কয়েকদিনের মধ্যে ইলিশের দাম কমবে বলে আশা আড়তদার নেতাদের। যদিও গতকাল বিক্রি হওয়া অধিকাংশ ইলিশে পেট ভর্তি ডিম ছিল বলে ব্যবসায়ীরা জানান। গতকাল যেসব ইলিশ এখানকার                  বাজারে বিক্রি হয় তা বরিশালের ভাষানচর, বাগরজা, লেঙ্গুটিয়া পয়েন্ট, দড়ির চর, খাজুরিয়া, মাসকাটা নদী, তেঁতুলিয়া, মেঘনা, কীর্তনখোলার বেলতলা, চরবাড়িয়া, চরমোনাই পয়েন্ট, দপদপিয়া কালিজিরা পয়েন্ট থেকে ধরা হয় বলে জেলেরা জানান। বরিশাল মত্স্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, ডিম ছাড়ার পর ইলিশ নদী ছেড়ে সমুদ্রে চলে যায়। এ কারণে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে কম। ইলিশ গভীর সমুদ্রের মাছ। ডিম ছাড়ার জন্য নদীতে আসে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের প্রজনন নিরাপদ করতে সরকার অভ্যন্তরীণ নদ-নদীতে গত ১৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে। বুধবার রাত ১২টায় শেষ হয় ২২ দিনের নিষেধাজ্ঞা। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ১ হাজার মণ ইলিশ আসে বরিশাল মোকামে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে বরিশালের বিভিন্নস্থান থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও জেলেরা পাইকারি বাজারে ইলিশ নিয়ে আসতে শুরু করেন। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের হাঁক-ডাক, শ্রমিকদের কর্মব্যবস্থায় মুখরিত হয়ে ওঠে পোর্ট রোডের পাইকারি এ বাজারটি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাইকারি এ বাজারটিতে ইলিশের চালান না বাড়ায় বিক্রেতা ও ক্রেতারা হতাশ হয়ে ফিরে যান।