কলাপাড়ায় শ্রমিক লীগ নেতার কবজি কর্তন

গত বুধবার রাতে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি জুয়েল প্যাদাকে (৩৫) কুপিয়ে তার এক হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়েছে। গুরুতর আহত জুয়েলকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাত ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। রাত ১টার দিকে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে ফারুক প্যাদার ছেলে জুয়েল কলাপাড়া বাজার থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া এলাকায় হাওলাদার বাড়ির সামনে পৌঁছলে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা কুপিয়ে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে এবং ডান হাত ও দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত ভেবে ফেলে পালিয়ে যায়।

আহতের ছোট ভাই জাকারিয়া প্যাদা জানান, তার ভাই জুয়েল প্যাদা আসন্ন নির্বাচনে স্থানীয় টিয়াখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। এছাড়া তার ভাইয়ের বাধার কারণে বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরার সহযোগী বশির, শিপন, সোহেল, হামীমসহ অন্যরা এলাকায় নির্বিঘ্নে মাদক ব্যবসা করতে পারছিল না। এ কারণে তারা হত্যার উদ্দেশ্যে জুয়েল প্যাদাকে কুপিয়ে গুরুতর জখম করে বলে তিনি অভিযোগ করেন।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।