বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, পুলিশ সদস্যের কারাদণ্ড

বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের দায়ে পুলিশ সদস্য রুহুল আমিন হাওলাদারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রুহুল আমিন উজিরপুর উপজেলার কাজিরা এলাকার মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে নায়েক পদে এসটিএফ-২ কোম্পানি, পিওএএম উত্তর বিভাগে কর্মরত। রায় ঘোষণার সময় নায়েক রুহুল আমিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৬ এপ্রিল রুহুল আমিন ও উজিরপুর উপজেলার হস্তিশুন্ড এলাকার সেলিনা বেগম বিয়ে করেন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। আট বছর সংসার করার পর রুহুল আমিন একবার ছুটিতে বাড়ি এসে স্ত্রী সেলিনা বেগমের কাছে মিশনে যাওয়ার কথা বলে ২ লাখ টাকা যৌতুক চান। সে সময় সেলিনা বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা এনে দেন। পরের বছর বাকি টাকার দাবিতে স্ত্রী ও ছেলেকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন রুহুল আমিন। ২০১৫ সালের ২২ মার্চ ফের ছুটিতে এসে স্ত্রীর কাছে আবারও ১ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি স্ত্রী ও ছেলেকে নিজ বাড়িতে ফিরিয়ে নিতে অস্বীকার করেন। সেলিনাকে মারধর করে গুরুতর আহত করেন।

এ ঘটনায় ঐ বছরের ২৯ এপ্রিল উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন সেলিনা বেগম।