সীমান্তের রেজু আমতলী বিজিবি সদস্যরা বৃহস্পতিবার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে কুতুপালং লম্বাশিয়া-১, ব্লক-এ রোহিঙ্গা ক্যাম্পের মো. রহমত উল্লাহ, মো. মাহমুদুল হাসান, মো. সেলিম, মো. আমিন, মো. জিয়াবুল হক ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী গ্রামের মো. জয়নাল আবেদীন।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী বিওপির সদস্যরা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী আমবাগান এলাকায় ওত পেতে থাকে। গতকাল সকাল ৯টার দিকে সীমান্ত থেকে ছয় জনকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিওপির টহল দল তাদের ধাওয়া করে পাঁচ জনকে আটক করলেও এক জন পালিয়ে যায়। বিজিবি সদস্যরা তাদের দেহ তল্লাশি করে ২ লাখ পিচ ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা হবে বলে জানিয়েছেন ঐ কর্মকর্তা।