অস্ত্র ও ইয়াবাসহ আদাবর থানা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজধানীর আদাবর থেকে অস্ত্র ও ইয়াবাসহ মনিরুজ্জামান মনির (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মনির আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব আদাবরের ১/২ পিসিকালচার হাউজিং সোসাইটির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, বাড়ি দখল, ভাঙচুর, ভয়ভীতি দেখানোর অভিযোগে ৭৫টি মামলা ও জিডি রয়েছে। মোহাম্মদপুরের  শেখেরটেক ও বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং, তুরাগ হাউজিং, চাঁদ উদ্যান, একতা হাউজিং, শ্যামলী হাউজিং, রাজধানী হাউজিং, নবীনগর হাউজিং, গ্রিন সিটিসহ ১০টি হাউজিং প্রতিষ্ঠানের একাধিক প্লট দখলের অভিযোগ রয়েছে মনিরের বিরুদ্ধে।

র্যাবের মিডিয়া শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, সন্ধ্যায় মনিরুজ্জামান মনিরের বাড়িতে র্যাব অভিযান চালায়। তার বাড়ি থেকে একটি ওয়ান শুট্যার গান ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার হয়।