দুদকের ডিজি পরিচয়ে ফোন করায় তিন মাসের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) জাকির হোসেন পরিচয়ে তদবির করায় এক ব্যক্তিকে  গ্রেপ্তার করে তিন মাসের সাজা দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কামাল হোসেন। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর মো. মোশারফ হোসেন টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এতে তিনি উল্লেখ করেন, জনৈক ব্যক্তি দুটি ফোন নম্বর ব্যবহার করে দুদকের ডিজি মো. জাকির হোসেন পরিচয় দিয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) দাপ্তরিক টেলিফোনে জমিসংক্রান্ত একটি বিষয়ে অনৈতিক তদবির করেন। প্রকৃতপক্ষে দুদকের মহাপরিচালক জাকির হোসেন এজাতীয় কোনো টেলিফোন করেননি।